https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগের রাতে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
এর আগে বুধবার বিকেলে জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় বৈঠকে উপস্থিত অন্য নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভোটের কৌশল এবং দলের পরবর্তী সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান কয়েকজন সংসদ সদস্য।
বৈঠকে উপস্থিত লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানান, দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল দলের নানা গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী। এর আগে তিনি সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
তিনি বলেন, সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে মির্জা ফখরুল আবেগ ধরে রাখতে পারেননি। তিনি সবার কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্যও নেতাকর্মীদের কাছে ক্ষমা চান মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার জন্য সবার দোয়া চান তিনি।