https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার অস্ত্রধারী তাঁকে অনুসরণ করে গুলি চালায়। প্রায় ২৫ সেকেন্ডে ১২টি গুলি ছোড়া হয়।
৩৫ বছর বয়সী অঙ্কিতকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।
অঙ্কিত হরিয়ানভি সংগীতের পরিচিত মুখ ছিলেন। ইউটিউবে তাঁর চ্যানেলের গ্রাহক ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি। তাঁর গানে প্রায়ই বন্দুক, সংঘাত ও সহিংসতার বিষয় উঠে আসত।
মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত। সেখানে ‘রাস্তায় হত্যা করো’ অর্থের একটি গানের লাইন গাইতে দেখা যায় তাঁকে।
এদিকে অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তাঁকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ করা হয়েছে। তবে গ্যাংটির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অঙ্কিতের বাবার অভিযোগে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।