কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে ঢাকা মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতার অভিযানও চলমান রয়েছে।