নোয়াখালীর কবিরহাটে একই পরিবারের দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন। বড় বোনকে ধর্ষণের ঘটনায় আদালতে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি এখনো গ্রেপ্তার হননি। এর মধ্যেই ছোট বোনকে তিন তরুণের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ২৩ নভেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহারে মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) নামে তিনজনকে আসামি করা হয়েছে। স্থানীয়রা প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বাকি দুই আসামি এখনো পলাতক।

ভুক্তভোগীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়েকে অস্বাভাবিক ও ভীতসন্ত্রস্ত দেখছিলেন তারা। গত ২২ নভেম্বর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রধান আসামিকে আটক করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বড় বোনের ধর্ষণ মামলার আসামিও অধরা

ভুক্তভোগী কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজাপ্রাপ্ত ওই আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীদের বাবা জানান, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই বাবা।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের মামলার বিষয়ে তিনি আগে জানতেন না। নতুন মামলার পর বিষয়টি জেনেছেন। আগের মামলায় সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।