https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন। তাঁর মতে, ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর পর জাতি একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা করেছিল। নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেননি। তাঁর দাবি, ফলাফলে কারসাজি হয়েছে এবং বিষয়টি অনেকে স্বীকারও করেছেন। তবে দেশের স্থিতিশীলতা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তারা ফল মেনে নিতে বাধ্য হয়েছেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তারা সংসদে মধ্যপন্থা অবলম্বন করবেন এবং চরম বা গরমপন্থা গ্রহণ করবেন না। সংসদকে দায়িত্বশীল জায়গায় দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের রায় কার্যকর না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয়। প্রয়োজনে সংসদের ভেতরে সমাধান না হলে রাজপথের আন্দোলন চলবে, তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে।
বাজেট প্রসঙ্গে তিনি দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর ব্যবস্থার প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন। তাঁর মতে, দেশে করদাতার সংখ্যা আরও বাড়ানো সম্ভব হলেও তা করা হচ্ছে না।
গাইবান্ধায় রামমন্দির নির্মাণ স্থগিতের বিষয়ে তিনি বলেন, উসকানিমূলক কোনো কাজই গ্রহণযোগ্য নয়, ধর্মীয় পরিচয় নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, তার গ্রেপ্তার ইন্টারপোলের মাধ্যমে হয়েছে এবং এটি কোনো একক দেশের কৃতিত্ব নয়। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না।