ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা নজরদারিতে বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬   ৩৭ বার পঠিত
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা নজরদারিতে বিদ্যুৎ বিভাগ

ছবি: -সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ বিভাগ। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, ঈদে যেন কোথাও বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকবে। তবুও সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ঈদের সময় ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। এজন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে হেভি ফুয়েল অয়েল ও ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকেও উৎপাদন বাড়ানো হবে।

তিনি আরও জানান, ঝড়-বৃষ্টির কারণে কোথাও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের জন্য মাঠপর্যায়ে প্রকৌশলী ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে। দেশের চারটি জোনে কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঈদের আগে ও পরে কয়েকদিন বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

এদিকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নিজ নিজ এলাকায় বিশেষ মনিটরিং টিম গঠন করেছে।

বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাসস

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031