https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে নতুন করে টাকা উত্তোলনের এই সুযোগ দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে মূল টাকা প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে চলমান স্কিমে থাকা নির্ধারিত সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।
এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করতেও ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো আমানতকারীর মুনাফা থেকে ‘হেয়ারকাট’ বা কোনো ধরনের কর্তন করা হবে না।
এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের কর্তন করা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপরও বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি থাকায় সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গভর্নর।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরানোর ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।