https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে কোনো সমঝোতা না হলে দেশটিতে পুনরায় সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রি-লা ডায়লগ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ধৈর্যের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছেন, যাতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখতে একটি কার্যকর চুক্তি করা যায়।
তবে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানান তিনি। হেগসেথের ভাষ্য, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ ও সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একদিকে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করছে, অন্যদিকে বৈশ্বিক সামরিক পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নও নিশ্চিত করছে।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়। ৪০ দিনের সংঘর্ষের পর এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রায় দুই মাস পার হলেও স্থায়ী সমঝোতা চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এমন পরিস্থিতিতে ইরানকে লক্ষ্য করে পুনরায় সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।