https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে আবারও বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের ধর্মঘটের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও স্থানীয় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশালের রহমতপুর এলাকায় একটি অভ্যন্তরীণ রুটের বাসের চালক ও হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
বাস শ্রমিকদের দাবি, সোমবার বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে প্রায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে উভয় পক্ষের আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে রহমতপুর এলাকায় আবারও মাহিন্দ্রা শ্রমিকরা একটি বাসের চালক ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় হাসানসহ চারজন আহত হয়েছেন বলে দাবি করেন বাস শ্রমিকরা।
আহতদের মধ্যে হাসানকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এদিকে বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বাস মালিক গ্রুপের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দেওয়া হলেও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিরোধ মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমঝোতা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে বরিশাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনাল ও বিভিন্ন সড়কে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। দ্রুত বিরোধের সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
এর আগে সোমবার বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের বিরোধের জেরে প্রায় তিন ঘণ্টা বাসসহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।