https://timenewsbangla.com

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) জেদ্দা থেকে চট্টগ্রামগামী ফ্লাইট বিজি-১৩৬ জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (প্রায় ৫৫) অসুস্থ হয়ে পড়েন। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।
মাস্কাট বিমানবন্দরে অবতরণের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে।
এদিকে, ফ্লাইট বিজি-১৩৬ মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি বুধবার আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।