ঢাকা
২৭ আগস্ট ২০২৬

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

ফ্যাসিবাদ যেন দেশে আর পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়; অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতি নাগরিকের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সময়ে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এসব ঘটনা দেখেও যারা কিছুই হয়নি বলে মনে করছেন, তাদের বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ফ্যাসিবাদ ঠেকানোর পাশাপাশি নিজেদের মধ্যেও যেন ফ্যাসিবাদী প্রবণতা তৈরি না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভুল হলে তা সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা বিকাশে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর উদ্যোগের প্রশংসা করেন আইনমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031