https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাব দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আলোচিত অর্থ ছিল উপজেলার উন্নয়ন বাজেটের বরাদ্দ, যা কোনো ব্যক্তিকে নয়, সংশ্লিষ্ট উপজেলাকে দেওয়া হয়।
শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
এ অভিযোগের প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক মূলত উপজেলার জন্য বরাদ্দকৃত বাজেটের কথাই বলেছেন। তবে সেই অর্থ তাঁকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এ বাজেট কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয় উপজেলাকে।’
দেবীদ্বার উপজেলায় কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রয়োজনে সেই তথ্য প্রকাশ করার আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আলোচিত অর্থ স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ, যা এডিপি প্রকল্পের আওতায় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। দেবীদ্বার উপজেলার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে জেলা পরিষদের রাজস্ব খাতের কোনো সম্পর্ক নেই।
জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন। অথচ প্রকৃতপক্ষে বরাদ্দকৃত অর্থ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে।