https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে আলোচিত আলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বড় একটি অংশকে মহিষটির খাঁচার সামনে ভিড় করতে দেখা গেছে।
শনিবার দুপুরে চিড়িয়াখানার এল-৭ নম্বর ব্লকে গিয়ে দেখা যায়, মহিষটিকে একনজর দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে পরিবার-পরিজন নিয়ে প্রাণীটিকে দেখছেন।
দর্শনার্থীদের অনেকেই জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে মহিষটির ব্যাপক আলোচনার কারণে তারা এটি দেখতে এসেছেন। আমিনবাজার থেকে আসা তৃতীয় শ্রেণির ছাত্রী সাবিহা ইসলামও টেলিভিশনে খবর দেখে মহিষটিকে কাছ থেকে দেখার আগ্রহ নিয়ে চিড়িয়াখানায় আসে।
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল দীর্ঘ ভিড়। তবে বাঘ, সিংহ, হাতি বা জিরাফের চেয়েও বেশি দর্শনার্থীকে দেখা গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির খাঁচার সামনে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক সময়ে আলোচিত এ মহিষটি দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে, যা চিড়িয়াখানার দর্শকসংখ্যা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।