https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে চট্টগ্রামে কয়েক কোটি টাকা দামের একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকার সাত্তার মঞ্জিল থেকে চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনার অভিযোগে এটি জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটির সন্ধান পাওয়া যায়। সম্প্রতি মোংলা বন্দরে পুরোনো গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বিলাসবহুল গাড়ি তিন থেকে চারটি বড় অংশে কেটে আমদানির কৌশল শনাক্ত হয়েছে। এভাবে শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানির অভিযোগ রয়েছে।
গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়ির ক্রয় ও আমদানিসংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। তবে তিনি কোনো দলিল বা তথ্য দেখাতে পারেননি। একাধিকবার গাড়ির চাবি চাওয়া হলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়।
কাস্টমস কর্মকর্তাদের দাবি, গাড়িটির আমদানিসংক্রান্ত কোনো নথি উপস্থাপন না করা এবং চাবি না দেওয়ায় শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্ন উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়ি আমদানি এবং দলিলপত্র জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।