https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আবারও সংলাপের পথ তৈরি করতে তেহরান সফর করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার এ সফরের কথা জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে তিনি ইরানের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় উত্তেজনা কমানোর উপায় এবং দুই দেশের মধ্যে সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, মতপার্থক্য নিরসন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনীতিই সবচেয়ে কার্যকর পথ।
ইরানও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় কাতারের মধ্যস্থতার উদ্যোগ অব্যাহত রাখা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে কাতার। গত জুনে কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, যার ফলে সাময়িকভাবে সংঘাত কমে আসে। তবে জুলাইয়ে সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে।