ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের কক্সবাজারে বারে সংঘর্ষে দুই যুবক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৭২, নিখোঁজ হাজারের বেশি ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরুর উদ্যোগ, তেহরানে কাতারের প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায়, বিশেষ করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে ন্যাটো ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ইউরোপে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর কাছে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর নেই। এমনকি একটি বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষমতাও বর্তমানে অত্যন্ত সীমিত বলে জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। পরে জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি হলেও গ্রীষ্মজুড়ে সংঘাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিজয়ের প্রত্যাশা থাকলেও ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে জটিল করে তোলে। উপসাগরীয় দেশগুলোতে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রকে পূর্ব এশিয়াসহ অন্যান্য অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা সরিয়ে নিতে হয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতও চাপের মুখে পড়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূ-পৃষ্ঠ থেকে ভূ-পৃষ্ঠে নিক্ষেপযোগ্য দূরপাল্লার অস্ত্র এবং নির্ভুল হামলার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অন্যান্য রণক্ষেত্র থেকে ক্ষেপণাস্ত্র এনে মধ্যপ্রাচ্যে নিজেদের মজুত পুনর্গঠনের চেষ্টা করছে। এর আগে ২০২৫ সালের জুনেও ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধক ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৩০ কোটি ডলার মূল্যের এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ক্ষয়ক্ষতি যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের থাকা ড্রোন বহরের প্রায় এক-চতুর্থাংশের সমান।

এমকিউ-৯ রিপার মূলত দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহৃত হয়। ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন—দুই ধরনের অস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।