ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম

জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, এখনই উচ্ছেদ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩১ মে ২০২৬   ৩৩ বার পঠিত
জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, এখনই উচ্ছেদ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এ প্রকল্পের কারণে আপাতত কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, একটি মহল সাধারণ মানুষের মধ্যে উচ্ছেদ নিয়ে গুজব ছড়াচ্ছে। তবে সরকার এ ধরনের কোনো তাৎক্ষণিক উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকা সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরিকল্পিত ও যৌথ অভিযানের মাধ্যমে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করা হবে। পাশাপাশি বেতুয়া ও চা-বাগান এলাকাতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে।

জুয়া নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৮৬৭ সালের বিদ্যমান আইন আধুনিক অনলাইন ও অফলাইন জুয়া বা বেটিং কার্যক্রম মোকাবিলার জন্য যথেষ্ট নয়। তাই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে প্রয়োজনীয় সংস্কার আনার চেষ্টা করা হবে।

মাদক মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, নতুন আইনি কাঠামো গড়ে তুলতে পারলে বছরের পর বছর ঝুলে থাকা বিপুলসংখ্যক মাদক মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কিছু সীমাবদ্ধতা কাজে লাগিয়ে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। এ প্রবণতা রোধে প্রয়োজনীয় আইনি সংস্কার আনা হবে।

তিনি বলেন, সমন্বিত উদ্যোগ, আইনি সংস্কার এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে দেশকে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিমুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে সরকার।

পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031