ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

‘ক্লিন সিটি গ্রিন সিটি’ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের নির্দেশ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
‘ক্লিন সিটি গ্রিন সিটি’ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের নির্দেশ

ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের চলমান পরিচ্ছন্নতা, খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পর্যালোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, নগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। দিনের বেলায় রাস্তায় ময়লা পড়ে থাকা বন্ধ করতে রাতে বর্জ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

ঢাকার রাস্তার পাশে বারোমাসি ফুলের চারা রোপণের পাশাপাশি খাল পুনরুদ্ধার, সবুজায়ন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি খালের সীমানা চিহ্নিতকরণে অগ্রগতি হয়েছে। দক্ষিণ সিটির খালগুলোর সীমানা নির্ধারণের কাজও চলছে। দুই সিটিতেই সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চলমান কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930