https://timenewsbangla.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এবং ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের টানাপড়েন নিয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না। বলা উচিতও না।’ তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও নির্বাচিত সরকার দেশের জন্য যা ভালো মনে করবে, সেটিই গুরুত্বপূর্ণ।
ভারতের হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে জনগণের পর্যায়ে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। সাধারণ মানুষের কল্যাণে যা কিছু করা সম্ভব, সে দায়িত্ব দুই দেশেরই রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের দায়িত্বও বেশি। ভারত সবসময় বলে, দুই দেশ সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়।
দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বাংলাদেশকে ভাবতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জ নিয়েও বাংলাদেশকে ভাবতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতে আটকে থাকলে সামনে এগিয়ে যাওয়া যাবে না।