ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, বিশ্বকাপের আগে ৬-২ গোলের দাপুটে জয়

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০১ জুন ২০২৬   ২৬ বার পঠিত
পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল, বিশ্বকাপের আগে ৬-২ গোলের দাপুটে জয়

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গোল উৎসব করেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। খেলা শুরুর মাত্র দুই মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। পানামার মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা।

তবে সমতায় ফেরার ধাক্কা দ্রুতই সামলে নেয় ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় সেলেসাওরা। ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর যেন আরও বিধ্বংসী রূপ ধারণ করে ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার শট পানামার ডিফেন্ডার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষভাগে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষের বক্সে ঘুরে দাঁড়িয়ে দারুণ ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন।

পুরো ম্যাচে চাপে থাকলেও পানামা শেষ পর্যন্ত দ্বিতীয় গোল আদায় করে নেয়। হার্ভের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্রাজিলের জালে বল জড়ালে ব্যবধান কিছুটা কমে আসে। তবে ব্রাজিলের আধিপত্যের সামনে সেটি ছিল শুধুই সান্ত্বনা।

ম্যাচজুড়ে বলের দখল, পাসিং এবং আক্রমণভাগের কার্যকারিতায় স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। তাদের মোট ১৪টি শটের বিপরীতে এক্সপেক্টেড গোল (xG) ছিল ২.২৬। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচে পুরো স্কোয়াডকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে কৌশলগত পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন ব্রাজিল কোচ।

পানামার বিপক্ষে জয়ের পর আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে বিশ্বকাপ মিশন। ১৪ জুন গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031