https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের মোট ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এপিবিএন জানায়, কার পার্কিংয়ের নিচতলায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সদস্যরা তাদের ওপর নজর রাখেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে স্বর্ণালংকারগুলো সংগ্রহ করতেই তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানান তারা।
এপিবিএন আরও জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মঙ্গলবার বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।