https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রান্নাঘর ও খাদ্য সংরক্ষণে গুরুতর অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের বিভিন্ন স্থানে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার উপস্থিতি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপকরণের মধ্যে এসব পোকামাকড়ের বিচরণ ছিল।
এ ছাড়া রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে, বেশ কিছু টাইলস ভাঙা এবং ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানে পোড়াতেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা মজুত, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং বিরিয়ানি রান্নায় ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। পাশাপাশি রেস্তোরাঁটির হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিল না।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় রেস্তোরাঁটির মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল। খাদ্য উপকরণের মধ্যে তেলাপোকা ও ছাড়পোকার উপস্থিতি, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে রাখা, পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ এবং অননুমোদিত উপকরণ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে।
তিনি বলেন, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।