দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা সাময়িক কমলেও পরে তা আবার বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়াতেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।