https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ জুন দিন নির্ধারণ করেছেন।
সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, শুনানি শেষে বিচারক মামলাটিকে পরবর্তী ধাপ অর্থাৎ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠান। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে এবং ১ জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন। তদন্ত কর্মকর্তারা ডিএনএ পরীক্ষার ফল, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করেন।
গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরবর্তী ধাপে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জবানবন্দি ও অন্যান্য প্রমাণ উপস্থাপনের প্রস্তুতি নেবেন বলে জানা গেছে।