ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নামের একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি যেহেতু এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাই এর নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না—এমন প্রশ্ন তোলেন তিনি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

তবে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ইরান বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এর বিরোধিতা করছে।

এর আগেও ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার উদ্যোগ নেন তিনি। পরে নিউইয়র্ক ও কানাডার অন্টারিওকে পৃথককারী লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়।