https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে বেবিচকের ১৫ জন দমকলকর্মী অংশ নেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন একাডেমিতে ‘ক্র্যাশ ফায়ার অ্যান্ড রেসকিউ (সিএফআর) ইনিশিয়াল কোর্স-০৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
গত ১০ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেষ হয়। প্রশিক্ষণ চলাকালে দমকলকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনা এবং বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেন।
সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, দেশের বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় এ প্রশিক্ষণের সুফল তখনই পুরোপুরি নিশ্চিত হবে, যখন দেশের সব বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেবিচকের পরিচালক (ফায়ার) মো. রফিকুল ইসলাম। এ সময় উপ-পরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং উপ-পরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো. আবদুল লতিফ উপস্থিত ছিলেন।