ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। সবার প্রথম পরিচয় হওয়া উচিত, আমরা সবাই বাংলাদেশী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতি হলো সবার জন্য বাংলাদেশ। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয়ের আগে নাগরিক পরিচয়কে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সব ধর্মের মানুষের উপাসনালয় ও ধর্মীয় আচার পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তি’ বজায় রাখার আহ্বানও জানান তিনি।

পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর ঐতিহাসিক মিছিলটি বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930