https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ সময়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। গত বছরের ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও চিকিৎসকেরা তা নাকচ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।