ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ জুন ২০২৬ ৩১ বার পঠিত
ছবি: -সংগৃহীত
ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। সেখান থেকে রিকশাযোগে মোহাম্মদপুরে তাঁদের বাসার সামনে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে রিকশাচালকও ছিলেন। এ সময় চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে এসে তাঁদের ভয় দেখান। তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। পরে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানিয়েছে, চাপাতির ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে সব মালপত্র ছিনিয়ে নেওয়া হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা করছে।
রাজধানীতে ছিনতাইয়ের এ ঘটনা এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।