https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় বা তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
র্যাব জানিয়েছে, সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
শনিবার আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলকে রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ৫৮ বছর বয়সী আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আরিফুল বর্তমানে চিকিৎসাধীন।
আলতাফ হোসেন ঢাকার মালিবাগ জোনে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।