https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থল ও হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছিল।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
দুর্ঘটনায় ছয়জন আহত হন। উদ্ধারকর্মীরা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।