https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বর্তমান জ্বালানি ও গ্যাস সংকটকে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি, অদূরদর্শিতা ও দলীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষার ফল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্ব না দিয়ে বিদেশ-নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করেছিল। এর ফলে বর্তমানে ভঙ্গুর জ্বালানি ব্যবস্থা তৈরি হয়েছে।
সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতারবাড়ীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনের পাশাপাশি একটি ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, বড়পুকুরিয়ার দেশীয় কয়লা ব্যবহার করে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয় অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস ব্যবহার এবং মাতারবাড়ীতে এলপিজি টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে কয়লা, সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সংকট কাটাতে সরকার দ্রুত ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের পদক্ষেপই নিচ্ছে।