https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে পরিচালিত চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টা থেকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এই চিরুনি অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অভিযানে র্যাব, পুলিশ ও ডিএনসির মোট সাড়ে তিন শতাধিক সদস্য অংশ নেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, বিকেল থেকে তিন বাহিনীর সমন্বয়ে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বশির আহমেদ জানান, মাদকবিরোধী এই অভিযানে ডিএনসির প্রায় ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাব-২-এর বিভিন্ন কোম্পানির ৭০ জনের বেশি কর্মকর্তা ও সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন। অন্যদিকে মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের প্রায় ২০০ সদস্য অভিযানে যুক্ত ছিলেন।