https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া সাত বছরের শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে দিঘির পূর্ব পাশের নারীদের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা আক্তার (৭) মাজার এলাকায় অবস্থানরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয় সে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনার সময় ঘাটে অনেক লোকজন উপস্থিত ছিলেন। ফাতেমা পানিতে নামার সঙ্গে সঙ্গে একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইট ছুড়ে এবং পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কয়েকবার তাকে পানির বিভিন্ন স্থানে দেখা গেলেও পরে সে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা রাতভর উদ্ধার অভিযান চালান। নৌকা ব্যবহার করেও দিঘিতে অনুসন্ধান করা হয়। অবশেষে মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত ৮ এপ্রিল একই দিঘি থেকে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বর্তমানে দিঘিতে একটি কুমির রয়েছে। ঐতিহাসিকভাবে খানজাহান আলী (রহ.) দিঘিতে এক জোড়া কুমির অবমুক্ত করেছিলেন বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে। তবে বর্তমানে থাকা কুমিরটি সেই বংশধারার নয়; এটি পরবর্তীতে আনা কুমিরের উত্তরসূরি।