https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারকে কেন্দ্র করে চট্টগ্রামেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে জাপানি কোম্পানিগুলো। বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগে তাদের আগ্রহ বেশি বলে জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশস্থ প্রধান প্রতিনিধি কাজুইকি কাতাওকা।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার জাপানি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বর্তমানে সাড়ে তিন শতাধিক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করছে এবং এখান থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানিও করছে।
কাজুইকি কাতাওকা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি চট্টগ্রামেও বিনিয়োগ করতে আগ্রহী জাপানি কোম্পানিগুলো। জ্বালানি খাতের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ বাড়াতে চায় তারা। বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারি চুক্তি বাস্তবায়িত হলে বিনিয়োগ ও বাণিজ্যে আরও সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
ব্যবসায়ী নেতারা চট্টগ্রামের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি, সোলার ব্যাটারি, লাইট ইঞ্জিনিয়ারিং ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরিতেও জাপানের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় বক্তারা বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান বিনিয়োগ ও লজিস্টিক হাবে পরিণত হতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।