https://timenewsbangla.com

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় বিটিসিএল অফিসে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল জানান, মঙ্গলবার সকালে তিন যুবক চুরির উদ্দেশ্যে অফিসের ভেতরে প্রবেশ করেন বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাদের ধাওয়া করলে দুজন দেয়াল টপকে পালিয়ে যান। তবে একজনকে আটক করা হয়।
সাইফুলের দাবি, আটকের পর আনসার সদস্যরা ওই যুবককে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।