https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই ঠেকানো সম্ভব।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার পরামর্শ দেন। তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্ব দেন।
এ সময় প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা উচিত নয়।
জাতীয় সংসদের অধিবেশন দেখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ শিক্ষার্থী সংসদ ভবনে এসেছিল। তাদের সঙ্গে পাঁচ শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যও ছিলেন। অধিবেশন পরিদর্শনের একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।