https://timenewsbangla.com

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে বাংলাদেশ বিষয়টি ভালোভাবে নেয়নি।
দিল্লি সফরের বিষয়ে তিনি বলেন, বহুপক্ষীয় কোনো ফোরামে অংশগ্রহণের চেয়ে বাংলাদেশ বর্তমানে দ্বিপক্ষীয় সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত হলে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হতে পারে বলেও জানান তিনি।
গঙ্গার পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে।
বাণিজ্য ইস্যুতে তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন কোনো তথ্য দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
রোহিঙ্গা সংকট নিয়ে হুমায়ুন কবির বলেন, জটিল এই সমস্যার সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া কঠিন। তবে কূটনৈতিক তৎপরতা দ্রুত চালিয়ে যাচ্ছে সরকার এবং দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী।