https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সাক্ষাতে দুদক চেয়ারম্যান কমিশনের চলমান কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমন কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির ঘাটতির কারণে দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল। তাই দুদককে সততা, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি দীর্ঘদিন ধরে বিচারাধীন বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দেন। বিশেষ করে গুরুতর দুর্নীতির অভিযোগ দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচার কার্যক্রম আরও জোরদারের আহ্বানও জানান তিনি। একই সঙ্গে দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।