https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকা মহানগরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুরো শহরকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমগ্র ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) ওপর গত ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিপিপি পুনর্গঠনের পর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একনেকের অনুমোদন পাওয়া গেলে সমগ্র ঢাকা মেট্রোপলিটন এলাকাকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধ শনাক্তকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।