https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে সংকটের মধ্যে বিরোধী দলগুলোর লং মার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ-গ্যাস সমস্যার সমাধান সম্ভব নয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বর্তমান সংকট হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘদিন দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়া এবং জ্বালানি আমদানিনির্ভরতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশের দুটি এলএনজি টার্মিনালের একটি দুর্ঘটনায় অচল হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
বিরোধী দলের লং মার্চ কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগকে কাজে লাগিয়ে উত্তেজনা সৃষ্টি না করে সংকট মোকাবিলায় সরকারের পাশে থাকা উচিত। লং মার্চ করলেই যদি গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধান হতো, তাহলে সরকারই সবার আগে এ কর্মসূচি পালন করত।
তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। ভবিষ্যতে আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বিদ্যুৎ, জ্বালানি, শিল্প, শিক্ষা ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতের পুরোনো সমস্যা সমাধানে কাজ করছে। বিএনপির অতীত সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আগের মতো এবারও দেশকে সংকট থেকে বের করে এনে সমৃদ্ধ ও শান্তিময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া হবে।