https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম নগরের খুলশী-জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ ৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল ভবনটিতে অভিযান চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভবনটিতে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থান ও সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, ভবনটিতে কেন অবস্থান করছিলেন এবং সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন—এসব বিষয় যাচাই করা হচ্ছে।
পুলিশ তাদের বৈধ কাগজপত্র, ভিসার ধরন এবং কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত, সেসব তথ্যও খতিয়ে দেখছে।
এদিকে অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভবনটিতে বিদেশি নাগরিকদের নিয়মিত যাতায়াত ছিল। সেখানে বড় অঙ্কের অর্থের লেনদেনের পাশাপাশি ক্যাসিনোসদৃশ বা জুয়াসংক্রান্ত কার্যক্রম চলার তথ্যও পুলিশের কাছে ছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। জব্দ করা ৭০টি ইলেকট্রনিক ডিভাইসের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এসব ডিভাইস থেকে আর্থিক লেনদেন, যোগাযোগ ও অনলাইন কার্যক্রমের তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, কথিত জুয়ার আসরে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে। তবে অর্থের পরিমাণ বা লেনদেনের সুনির্দিষ্ট হিসাব এখনো প্রকাশ করা হয়নি। নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাব ও অনলাইন লেনদেনের বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।