ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

হজ কার্যক্রমে ৭০২ এজেন্সিকে অনুমোদন, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
হজ কার্যক্রমে ৭০২ এজেন্সিকে অনুমোদন, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত ৭০২টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তম দফায় প্রাথমিকভাবে যোগ্য ২২টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। মন্ত্রণালয় জানিয়েছে, এরপর নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ নেই।

যোগ্য এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। প্রতি ৪৪ জনের জন্য একজন করে আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগ বাধ্যতামূলক।

ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজের আওতায় নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব ও মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক।

অনিবন্ধিত ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শর্ত ভঙ্গ বা অভিযোগ প্রমাণিত হলেও এজেন্সির নাম যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

এদিকে, লিড এজেন্সির আওতায় অন্তর্ভুক্তির আবেদন ও সম্মতিপত্র ১২ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930