https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে বিষয়গুলো এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তার দাবি, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা ও আশ্বাস দেওয়া হতো।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বজনদের সান্ত্বনা দেওয়ার সময় শেখ হাসিনা জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় রয়েছেন। এসব আচরণকে তিনি ‘অভিনয়’ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনে নানা ধরনের নির্যাতন ও নির্মমতার অভিযোগও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার ভাষ্য, দীর্ঘ ১৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন।
মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।