https://timenewsbangla.com

আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে অ্যামচ্যামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার প্রস্তুত।
তিনি জানান, অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং জাতীয় রাজস্বে ২০ শতাংশেরও বেশি অবদান রাখছে। সম্প্রতি অ্যামচ্যামের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের বেশি। বিনিয়োগ, প্রযুক্তি, কর্মসংস্থান ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, বিনিয়োগ আকর্ষণে শুধু সম্ভাবনা থাকলেই হবে না; প্রয়োজন পূর্বাভাসযোগ্যতা, ব্যবসাবান্ধব পরিবেশ, দক্ষ বাণিজ্যসুবিধা এবং স্থিতিশীল নীতিগত কাঠামো। এসব ক্ষেত্রে বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার কাজ করবে।