https://timenewsbangla.com

আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক স্টেম শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মাহদী আমিন জানান, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষাক্রমে যুগোপযোগী বিষয় যুক্ত করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শিক্ষা নামের একটি বিষয়।
এ ছাড়া কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার নির্ধারিত অংশ সম্পন্ন করতে হবে।
মাহদী আমিন বলেন, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় শুধু সনদ বা তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়। তত্ত্ব ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। এতে তাদের শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে উঠবে।