https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের খুলশীতে ৬৩ বিদেশি নাগরিককে রাখা একটি আটতলা ভবন ভাড়া নেওয়া এবং তাদের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরেই ওই ৬৩ বিদেশির সন্ধান পাওয়া যায়। কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে কোকেন পাঠিয়েছিলেন তিনি। পরে কোকেন ফেরত আসার পর বিষয়টি তদন্ত করতে গিয়ে খুলশীর ওই ভবনে বিপুলসংখ্যক বিদেশির অবস্থানের তথ্য পায় পুলিশ।
মহসিনের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করেন। পুলিশ বলছে, ৬৩ বিদেশির সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল এবং তার মাধ্যমেই তাদের জন্য ভবনটি ভাড়া নেওয়া হয়। বিদেশিদের পাসপোর্টও তার কাছে রাখা হয়েছিল।
এর আগে শুক্রবার খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওই ভবনে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণাসহ অনলাইন অপরাধ চালানো হচ্ছিল। বিদেশিরা প্রায় দেড় মাস ধরে সেখানে অবস্থান করছিলেন।
খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, মহসিনের পেছনে আর কারা রয়েছে এবং ৬৩ বিদেশির সঙ্গে তার সম্পর্ক কী—এসব খতিয়ে দেখা হচ্ছে। কোকেন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি বিদেশিদের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।