https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল ও ধর্মঘট ডাকাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি আহ্বান করলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।
রায়ে আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় ও আদেশ সবার জন্য বাধ্যতামূলক। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনগত সুযোগ রয়েছে। তবে রায় বা আদেশের প্রতিবাদে হরতাল কিংবা ধর্মঘট পালন করা অবৈধ ও সংবিধান পরিপন্থী।
আদালত আরও নির্দেশ দেন, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো সংগঠন হরতাল বা ধর্মঘটের ডাক দিলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি কিংবা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।