https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে মোট ২২৩ কার্টন সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। পরে পৃথক তল্লাশিতে এসব পণ্য জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রী শিপনের কাছ থেকে ৪৪টি ভেপ উদ্ধার করা হয়।
এ ছাড়া চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রী কে এম তোফায়েল আহমেদ ও শামীমা আক্তারের ব্যাগেজ থেকে যথাক্রমে ৯৮টি ও ৪৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, তিনটি ঘটনায় জব্দ করা পণ্যগুলো কীভাবে দেশে আনা হয়েছে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীদের চোরাচালানের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।