https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রস্তাবের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ১৩ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রীকে পাঠানো আধা-সরকারি চিঠিতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় নথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠিয়েছে। কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এ ঘাটতি পূরণে কক্সবাজারে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম দ্রুত চালুর জন্য কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার, বৈজ্ঞানিক জনবল ও গবেষণা সুবিধা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দ্রুত গবেষণামুখী ও ব্যবহারিক উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।